মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

টঙ্গীতে পাল্টা অভিযোগ ও সালিশের আশ্বাসের পর বাদীর স্বামীকে গ্রেপ্তারের অভিযোগ; স্থানীয় বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন!

গাজীপুর মহানগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা ও ভাদাম এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর নাটকীয় মোড় নিয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় সালিশের তারিখ নির্ধারণ করা হলেও এর আগেই পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে বাদীর স্বামীকে আটক করানো হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যায় মুদাফা স্কুল পাড়ার বাসিন্দা মনোয়ারা বেগম (৪২) তার ভাগ্নির ১০ বছর বয়সী ছেলেকে ভাদাম পশ্চিম পাড়ায় ভাগ্নির শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গেলে পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার হন। এতে মনোয়ারা বেগম ও তার ছেলে মোঃ মাজহারুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হন।
হামলার পর তোলা বিভিন্ন ছবিতে ভুক্তভোগীদের শরীরে নৃশংস আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে—যার মধ্যে মাথার তালুতে গভীর রক্তাক্ত জখম, কানের নিচে কেটে যাওয়ার দাগ, হাতে ক্ষত এবং বাহুতে বড় আকারের কালশিরা বা রক্তজমাট বাঁধার চিহ্ন রয়েছে। আহতরা টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে ভাদাম পশ্চিম পাড়ার মোঃ কামাল হোসেন, মোঃ জামাল হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পর বিবাদী পক্ষও থানায় একটি পাল্টা অভিযোগ করে। পরবর্তীতে ভাদামের স্থানীয় বিএনপি নেতা আক্তারের মধ্যস্থতায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক/সদস্য সচিব আসাদুজ্জামান নূর ১৬ নভেম্বর বিকেল ৫টায় উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিষয়টি মীমাংসা (বিচার) করে দেওয়ার আশ্বাস দেন।
তবে বাদী পক্ষের অভিযোগ, সালিশের এই আশ্বাস ছিল মূলত একটি পূর্বপরিকল্পিত কৌশল। নির্ধারিত বিচারের আগেই গত রাতে (১৫ নভেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে পুলিশ এসে উল্টো অভিযোগকারী মনোয়ারা বেগমের স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর থেকে মধ্যস্থতাকারী বিএনপি নেতা আসাদুজ্জামান নূরকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
বাদী পক্ষের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তদের একজন আসাদুজ্জামান নূরের ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার এবং ভাদাম অঞ্চলের প্রতিনিধি হিসেবে পরিচিত। স্থানীয়দের মধ্যেও এখন প্রশ্ন উঠেছে—সালিশের তারিখ নির্ধারণ করার পরও কীভাবে পুলিশ এসে বাদী পক্ষের একজনকে ধরে নিয়ে গেল।
এদিকে, ঘটনার সময়কার সংরক্ষিত ভিডিও ফুটেজে স্থানীয় বিএনপি নেতা আক্তার ও অভিযুক্ত কামালকে উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এমন পরিস্থিতিতে ঘটনার দায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির শীর্ষ নেতা আসাদুজ্জামান নূরও এড়াতে পারেন না বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, আটককৃত ব্যক্তির মুক্তি এবং ন্যায়বিচার দাবি করেছেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ