
মিজানুর রহমান খুলনাঃ খুলনা আবার শিল্পাঞ্চলে পরিণত হবে, নতুন কুড়ি হবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী
খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি খুলনা থেকে উত্তরের জেলা পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার তিলক এলাকায় আয়োজিত এক পথসভায় ও খুলনা জেলা স্টেডিয়ামে নতুন করি সিজন ২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মোংলা বন্দরের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা আরও বাড়াতে চায় সরকার। বন্দরকে সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।
খুলনা অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, একসময় খুলনা ছিল দেশের অন্যতম শিল্পাঞ্চল। এখানে গড়ে উঠেছিল বড় বড় শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা। কিন্তু নানা কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার খুলনা থেকে শুরু করে উত্তরের জেলা পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত শিল্পাঞ্চল গড়ে তুলতে চায়।
তিনি বলেন, শুধু মোংলা বন্দর উন্নয়ন নয়, এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনেও সরকার কাজ করতে চায়। খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা হয়ে উত্তরাঞ্চলের শেষ জেলা পর্যন্ত শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য বিদ্যুৎ, গ্যাসসহ শিল্পায়নের প্রয়োজনীয় অবকাঠামো পর্যায়ক্রমে গড়ে তোলা হবে। যাতে এ অঞ্চলের মানুষ নিজ এলাকাতেই কর্মসংস্থানের সুযোগ পায় এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে।
এ সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও এ অঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী বিমানবন্দর, চার লেনের সড়ক, রেল যোগাযোগ ও বন্দরের উন্নয়ন হয়নি। তিনি অভিযোগ করেন, গত এক যুগের বেশি সময়ে মানুষের ভোটাধিকার ও বাক্স্বাধীনতা হরণ, গুম-খুন, অর্থ-সম্পদ লুটপাট এবং বিদেশে পাচারের পাশাপাশি শিক্ষাব্যবস্থা ও ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। দেশ ও মানুষের উন্নয়নের পরিবর্তে নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়েছিল।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেশের মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আন্তর্জাতিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের প্রভাবের মধ্যেও সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। পর্যায়ক্রমে প্রতিটি প্রতিশ্রুতি পূরণে কাজ চলছে।
এর আগে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আরেকটি পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
পরে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (দ্বিতীয় মৌসুম)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।