
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পুবাইলে পূর্ব শত্রুতার জের ধরে নির্মাণাধীন প্রকল্পে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় মারধর করা হয় প্রকল্পের নিরাপত্তা কর্মী চাঁন মিয়াকে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাদাত হোসেন।
সোমবার মধ্য রাতে পুবাইলের বিন্দান এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, পুবাইলে বিন্দান মৌজায় নেপাল চক্রবর্তী ও গোপাল চক্রবর্তী নামে সনাতন ধর্মাবলম্বী দুই ভাইয়ের কাছ থেকে জমি রেজিস্টি বায়না করেন শাহাদাত ও আলম সিকদার। এরপর নির্ধারিত জমিতে টিনসেড সিমানা প্রাচীর দিয়ে ভিতরে ফলজ গাছ লাগিয়ে সাইনবোর্ড লাগান তারা। জমি বায়না করার পর থেকে অভিযুক্তরা তাদের উপর নানা ভাবে নির্যাতন করে আসছিল। তারই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর মধ্য রাতে অভিযুক্তরা দলবল নিয়ে প্রকল্পের ভিতরে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা প্রকল্পের নিরাপত্তা কর্মীকেও মারধর করে। একপর্যায়ে তারা প্রকল্পের ভিতরের সব গাছ কেটে ফেলে। পরে প্রকল্পের নির্মাণ সামগ্রী টিন ও স্টীলের এঙ্গেল লুট করে নিয়ে যায়।
এবিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।