বিএনপি ও স্থানীয় যুবদল নেতাদের অভিযোগ, দলীয় কোন্দল ও প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে এই জামিন নামঞ্জুরের ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, মালেক দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে সক্রিয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক মামলায় একাধিকবার কারাবরণ করেছেন এবং পরিবার ও স্বাভাবিক জীবন ত্যাগ করে সংগঠনকে সুসংগঠিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মামলাটি জামিনযোগ্য হলেও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলুর সাথে মতবিরোধের কারণে জামিনে বাধা সৃষ্টি হয়। যুবদল নেতারা অভিযোগ করেন, আদালতের স্বাভাবিক প্রক্রিয়ায়ও প্রভাব ফেলা হয় স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠীর মাধ্যমে।
এ বিষয়ে স্থানীয় এক যুবদল নেতা জানান, “মালেক শুধু একজন নেতাই নয়, সে তারেক রহমানের প্রতিটি কর্মসূচি শতভাগ সফলভাবে মাঠে বাস্তবায়ন করেছে। অথচ আজ সেই নেতাকে দলীয় কোন্দলের শিকার হয়ে কারাবরণ করতে হচ্ছে, যা দলের জন্য লজ্জার।”
অভিযোগ রয়েছে, জামিনের বিষয়ে সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার টগরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপি নেতাদের মতে, মামলার অন্যান্য আসামিরা জামিনে থাকলেও, মালেকের প্রতি আচরণ ছিল একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে, মালেকের কারাবরণের ঘটনায় নাটোরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দাবি করছেন, “মালেকের মত ত্যাগী নেতাকে দলে কোণঠাসা করার পেছনে যারা জড়িত, তারা আসলে দলের মুখোশধারী শত্রু। এদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
বিএনপি নেতারা কেন্দ্রীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করে বলেছেন, নাটোরে সংগঠনবিরোধী কার্যকলাপ এবং ব্যক্তিস্বার্থে প্রভাব খাটানোর কারণে ত্যাগী নেতারা অবমূল্যায়নের শিকার হচ্ছেন। এতে দলীয় রাজনীতি ও মাঠের কর্মীরা নিরুৎসাহিত হচ্ছেন।