
মোঃ ইকবাল হোসেন সরদার গোসাইরহাট থেকে ফিরেঃ শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার সচিব মোঃ আব্দুল আলীম মোল্লার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অব্যাহত অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, ২০০৮ সাল থেকে অদ্যাবধি তিনি পৌরসভায় থেকে দাপটের সঙ্গে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাকের ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে এসব অনিয়ম করে আসলেও আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার অপকর্ম থেমে নেই। বরং বর্তমানে তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের এক বিতর্কিত নেতার সঙ্গে আঁতাত করে নিজ স্বার্থসিদ্ধি করে চলেছেন।
২৫ কোটি টাকার কাজ কোটেশনে, টেন্ডার ছাড়াই পছন্দের লোকদের বরাদ্দ!
সাম্প্রতিক তদন্তে বেরিয়ে এসেছে, পৌরসভায় নিবন্ধিত ঠিকাদারের সংখ্যা ১০৫ হলেও কোনও ধরনের উন্মুক্ত টেন্ডার ছাড়াই সচিব আলীম মোল্লা কোটেশনের মাধ্যমে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ঘুষ ও কমিশনের বিনিময়ে নিজের পছন্দের ঠিকাদারদের এই কাজগুলো ভাগ করে দিয়েছেন।
বাজারের টল ঘর বিক্রি করে কোটি টাকা আত্মসাৎ
পৌরসভার উত্তর টলঘর এলাকায় প্রায় ২৮০ ফিট জায়গা ছিল, যেখানে তিনতলা ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও, সচিব তা বিক্রি করে দেন ব্যক্তিগতভাবে। এর বিপরীতে পাওয়া অর্থ পৌর কোষাগারে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে নদীর পাড়ে প্রায় ৩০ থেকে ৪০টি দোকান ৯৯ বছরের জন্য লিজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও উঠেছে।
দুই পৌরসভার সচিব পদে থেকেও দুর্নীতির রেকর্ড অক্ষুণ্ন
বর্তমানে মোঃ আঃ আলীম মোল্লা গোসাইরহাট পৌরসভার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ভেদরগঞ্জ পৌরসভাতেও। দুই পৌরসভার সচিব হওয়ায় তার ক্ষমতার পরিধি বেড়ে গেছে বহুগুণে, এবং দুর্নীতির সুযোগও আরও প্রশস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সাবেক সরকার ও বিরোধী দলের দালালি: বিতর্কিত অতীত ঘিরে জনমনে ক্ষোভ
এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের ছাত্র ও যুব নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর ক্ষেত্রে এই সচিবের ভূমিকা ছিল সক্রিয়। এমনকি শেখ হাসিনার সঙ্গে থাকা একটি হত্যা মামলার ৩৯ নম্বর আসামি হিসেবেও তার নাম উঠে এসেছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে—এই রকম একজন ব্যক্তি কীভাবে এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন?
সুশীল সমাজ ও এলাকাবাসীর দাবি: অবিলম্বে তদন্ত ও শাস্তি নিশ্চিত হোক
এলাকার সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের দাবি, মোঃ আঃ আলীম মোল্লার বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে অবিলম্বে তাকে অপসারণ ও আইনানুগ শাস্তির আওতায় আনা হোক। জনগণের করের টাকা লুট করে ব্যক্তিগত সম্পদ গড়ে তোলার অভিযোগে তিনি দায়ী হলে, তাকে বিচারের মুখোমুখি করা ছাড়া কোনো বিকল্প নেই।