
চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫০ জন
মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ বাজারের আধিপত্য নিয়ে এই সংঘর্ষ হয়।
পৌর এলাকার টোরাগড় গ্রাম ও মকিমাবাদ সর্দার বাড়ির দুই গ্রুপের মাঝে দফায় দফায় হওয়া এই সংঘর্ষে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৩৫ জন। সেখান থেকে কুমিল্লা ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ হাজীগঞ্জ বাজারে প্রবেশ করে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করে। প্রায় ৫ ঘণ্টাব্যাপী ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রাতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উন্নত চিকিৎসার জন্য যাদের কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে তারা হলেন– টোরাগড়ের মোঃ রাহুল (১৬), কচুয়ার ইব্রাহীম (২৪), রান্ধুনীমুড়ার ফয়সাল (২২) ও বিলওয়াই গ্রামের সাইমুন (১৪) ও এক পথচারী।
উল্লেখ্য যে,বৃহস্পতিবার সন্ধ্যায় মকিমাবাদ সর্দার বাড়ি ও টোরাগড় এলাকার কিছু কিশোর হাজীগঞ্জ বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরেই শুক্রবার সংঘর্ষ হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে।