
গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধিঃ ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের বাউশিয়া পাখির মোড় এলাকায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।১২ (আগষ্ট) বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেলটির চালক চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২৬) ও আরোহী ওই একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)।
জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
ভবেরচর হাইওয়ে থানার এসআই রিয়াদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোমতী-মেঘনা সেতুর ঢালে অজ্ঞাত গাড়ির চাপায় দুই তরুণ নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।