
বান্দরবানে রিসোর্টের মালিককে অপহরণ করলো সন্ত্রাসীরা
এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের একটি রিসোর্টের মালিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
সন্ধ্যা ৭টার দিকে চারজনের একটি সশস্ত্র গ্রুপ সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের হেডম্যান পাড়ার কাছে ইকো ভ্যালী রিসোর্টেরর মালিক মংটিং মার্মাকে অপহরণ করে নিয়ে যায়।
তবে অপহরণকারী কারা ছিল এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানিয়েছেন অপহরণের বিষয়টি তারা শুনেছেন। সার্বিক বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। সুয়ালক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উক্যনু মারমাসহ স্থানীয়রা জানিয়েছেন সন্ধ্যায় অস্ত্রধারীরা ওই রিসোর্টে হানা দেয় এবং মালিককে অপহরণ করে রিসোর্টের পাশের পাহাড়ি ঝিড়ি দিয়ে নিয়ে যায়।
তবে স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে সন্ত্রাসীরা ওই রিসোর্ট এর মালিককে চাঁদার জন্যে হুমকি দিয়ে আসছিল।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে খোঁজখবর নেয়ার পর দ্রুত ব্যবস্থা নেয়া হবে।