মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত।

মোঃ মিজানুর রহমান খুলনা
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া যুব র‍্যালিতে যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার ফারুক আহমেদ, বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনি, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আহ্বায়ক ফেরদৌস আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান ও উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

যুব সংগঠনগুলোর পক্ষে বক্তব্য দেন স্বপ্নচূড়া যুব সংগঠনের সহসভাপতি নাহিদুল ইসলাম। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ। এই জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। স্বপ্নচূড়া যুব সংগঠন যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সংগঠনটির বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বক্কর মোল্লার ভূমিকার প্রশংসা করে বলেন, তিনি দক্ষতার সঙ্গে যুব সংগঠনগুলোকে পরিচালনা ও সহযোগিতা করছেন। পাশাপাশি বালিয়াডাঙ্গা ইউনিয়নের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।

বক্তারা বলেন, যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার ফ্রিল্যান্সিং, ড্রাইভিং, পশুপালন ও মৎস্য চাষসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ দিচ্ছে। চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উদ্যোক্তা নাজমুস হোসেন, নায়েবী ইসলাম ও মনোজ কুমার দাস এবং মানবাধিকারকর্মী হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বপ্নচূড়া যুব সংগঠন, বটিয়াঘাটা মর্নিং যুব ফুটবল ক্লাব, ইয়ুথ ফর দি সুন্দরবন (বটিয়াঘাটা) গীতা সোসাইটি ও ফুলবাড়ী যুব কল্যান পরিষদসহ বিভিন্ন সামাজিক ধর্মীয় ও যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বক্কর মোল্লা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ