
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালী জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ১৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
রোববার ( ০৪ অক্টোবর ) সকালে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় শনিবার ৩ অক্টোবর,২০২৬ খ্রীস্টাব্দ তারিখে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবরের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৭০ জনকে আটক করা হয়।
আটক ১৭০ জনের মধ্যে ২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল এবং আরও ৬ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশের তথ্যমতে, সুধারাম মডেল থানায় ৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। কোম্পানীগঞ্জ থানায় আটক ১৭ জনকেই মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানায় মোট ৩২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং বাকি ২৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
সেনবাগ থানায় ৩ জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চরজব্বর থানায় আটক ৩২ জনকেও মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
সোনাইমুড়ী থানায় মোট ১৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং অপর ১২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
হাতিয়া থানায় মোট ৪৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা এবং ৬ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। অপর ৪১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এ ছাড়া চাটখিল থানায় ৬ জন এবং কবিরহাট থানায় ৯ জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।