মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

টঙ্গীতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০ ককটেল উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর আন্দারুল এলাকায় স্থানীয় এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ১০টি তাজা ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আন্দারুল এলাকায় ওই ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টনের ভেতর থেকে ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

এদিকে, ককটেল উদ্ধারের ঘটনায় শনিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন। তাদের দাবি, পরিকল্পিতভাবে ওই ককটেলগুলো বাড়ির সামনে রাখা হয়েছে।

স্থানীয়দের দাবি, শনিবার রাত আনুমানিক দেড়টা থেকে পৌনে ২টার দিকে একটি প্রাইভেটকারে করে শাহজালাল নামে এক ব্যক্তি এসে পরিকল্পিতভাবে ককটেলগুলো ওই বাড়ির সামনে রেখে যান। এর প্রায় ১৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে এসে বাড়িটি ঘিরে ফেলে এবং ককটেলগুলো উদ্ধার করে। তবে স্থানীয়দের এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টন থেকে ১০টি তাজা ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করা হয়েছে। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ