মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা পূর্ব শত্রুতার জেরে হত্যার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে জয় (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার মরহুম সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজন যুবক জয়কে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জয়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই জয়কে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কারও নাম নিশ্চিত করা হয়নি।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূর আলম হোসেন জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ