
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর): কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।