
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ,নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল হান্নান লিটনকে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
বৃহস্পতিবার ( ১৮ জুন) জারি করা বোর্ডের অনুমোদনপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
আবদুল হান্নান লিটন দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, কাবিলপুর হাজী মোকছুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর দীর্ঘ শিক্ষা প্রশাসনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সামাজিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর আবদুল হান্নান লিটন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।”
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন ইকবাল বলেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক আবদুল হান্নান লিটনকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত। তিনি একজন অভিজ্ঞ শিক্ষানুরাগী ও দক্ষ সংগঠক। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আবদুল হান্নান লিটনকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেছেন।
স্থানীয়দের মতে, আবদুল হান্নান লিটনের অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।