
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে যখন রাষ্ট্রীয় কঠোরতার কথা বলা হয়, ঠিক তখনই খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারআড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে প্রভাবশালীর বেআইনি পাকা ঘর নির্মাণের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনিক নজরদারি ও স্থানীয় রাজনৈতিক প্রভাব নিয়ে। সরকারি বিদ্যালয়ের সীমানাভুক্ত জমি দখল করে ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিতিশ বরন মন্ডলের পুত্র নিবেশ বরন মন্ডলের বিরুদ্ধে। তিনি একই সঙ্গে বারোআড়িয়া পূজা মন্দির কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
সরকারি বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে এখনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল থাকেন—এ প্রশ্নে পুরো এলাকা ফুঁসে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও সামাজিক প্রভাবকে ঢাল বানিয়েই দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় চোখ পড়েছে প্রভাবশালীদের। অনেকেই মনে করছেন, প্রশাসন সময়মতো হস্তক্ষেপ না করলে বিদ্যালয়ের জমি স্থায়ীভাবেই দখল হয়ে যেত।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের উত্তর পাশে সরকারি জায়গায় নিবেশ বরন মন্ডল নীরবে পাকা ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে পরিস্থিতির গুরুত্ব বুঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ বাবু তাৎক্ষণিকভাবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রবকে অবহিত করেন। এরপর উপজেলা প্রশাসন দ্রুত মাঠে নেমে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ বাবু বলেন,“বিদ্যালয়ের জায়গায় পাকা ঘর নির্মাণ হচ্ছিল। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তারা এসে কাজ বন্ধ করে দেয়।”
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বক্কার গাজি বলেন,“বিদ্যালয়ের জমিতে ঘর নির্মাণের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করা গুরুতর অপরাধ।”তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এ ধরনের দুঃসাহস দেখানো হয়েছিল।
অভিযোগ অস্বীকার করে নিবেশ বরন মন্ডল দাবি করেন,“আমি আমার নিজের জায়গায় ঘর নির্মাণ করছিলাম। তবে প্রশাসন এসে কাজ বন্ধ করেছে।”
তবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রবের ভাষ্য ভিন্ন। তিনি বলেন,“বিদ্যালয়ের জমিতে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ আইনত অপরাধ। সরকারি সম্পত্তি রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন,“অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। তদন্ত করে দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, শুধু নির্মাণকাজ বন্ধ করলেই দায়িত্ব শেষ হয় না। দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তারা প্রশ্ন তুলেছেন—প্রভাবশালীদের বিরুদ্ধে আদৌ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নাকি বিষয়টি সময়ের সঙ্গে ধামাচাপা পড়ে যাবে?
সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের এই হস্তক্ষেপ আপাতত স্বস্তি দিলেও, এখন পুরো এলাকার দৃষ্টি তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দিকে। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র আলোচনা ও ক্ষোভ অব্যাহত রয়েছে।