
মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
খুলনা, ২৩ সেপ্টেম্বর: খুলনার বটিয়াঘাটার তালবুনিয়ায় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ আইএমটিএ বা ইন্টিগ্রেটেড মাল্টি-ট্রফিক অ্যাকুয়াকালচার নিয়ে সংযোগ কার্যক্রম আয়োজন করেছে। এতে প্রায় ৫০ জন কৃষক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি খাত ও ওয়ার্ল্ডফিশ এর প্রতিনিধিরা অংশ নেন। ওয়ার্ল্ডফিশ এর রিসার্চ অ্যাসোসিয়েট মো. শামীম হোসেন আইএমটিএর গুরুত্ব ও এর পদ্ধতি তুলে ধরেন এবং মানসম্মত পোনা ও খাদ্য সংগ্রহের বিষয়ে দিকনির্দেশনা দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এই কার্যক্রম এশিয়া-আফ্রিকা ব্লুটেক সুপারহাইওয়ে প্রকল্পের অংশ, যার মাধ্যমে জলবায়ু সহনশীল ও টেকসই মৎস্যচাষ সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।