
নিজস্ব প্রতিবেদঃ গাজীপুরের কালিগঞ্জে মাদকবিরোধী অনুসন্ধানী কাজ করার সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক জাকারিয়া আল মামুন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় জামালপুর বাজারের গুদারাঘাট সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকবিরোধী অনুসন্ধানে মাঠে নামলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।
পরে বাজারের আশেপাশের স্থানীয় লোকজন সাংবাদিক মামুনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সাংবাদিক মামুনের মোটরসাইকেলসহ তার সাথে থাকা জরুরি কাগজপত্র ও নগদ অর্থ ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় সন্ত্রাসী মাহমুদুল, ফাহিমসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার কথা স্থানীয়রা জানিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।"
ঘটনার পর কালিগঞ্জের সাংবাদিক মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা মানে সত্যের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সাংবাদিক সমাজ প্রশ্ন তুলেছেন—যদি সত্য উদঘাটনের দায়ে সাংবাদিকদের এভাবে রক্তাক্ত হতে হয়, তবে নিরাপত্তা কোথায়?