
গাজীপুরে পোশাকশ্রমিক রুবিয়া হত্যাকান্ড: রক্তমাখা ছুরিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক রুবিয়া হত্যাকান্ডের দুই দিনের মাথায় হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কামালপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম ইসলাম (২৩) ও নীলফামারী জেলার ডোমার থানার নিজবুডাবুরী গ্রামের বাদল মিয়ার ছেলে রাকিবুল ইসলাম ইমন (২৩)
গত ১২ জুন রাত সাড়ে ৮টায় গাজীপুর নগরীর কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রীজের ওপর মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী একটি অটোরিকশার গতিরোধ করে তিন জন যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নেয়। এসময় ভিকটিম রুবিয়া খাতুনের ব্যানেটি ব্যাগসহ মোবাইল ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তার পেটে ও ঘাড়ে উপর্যপুরী ছুরিকাঘাত করে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন শনিবার বেলা ১১টায় এক প্রেসব্রিফিংয়ে এসব
তিনি বলেন, সিসি টিভি ফুটেজসহ তথ্য প্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক মোঃ শাহ্ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলাসহ গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকান্ডের সাথে জড়িত উক্ত ২ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আসামীদের হেফাজত হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছোরা এবং একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
নিহত রুবিয়া শেনন সোয়েটার্স লিঃ এর শ্রমিক। তার স্বামীর নাম মাসুদ রানা। তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার মালিঝিকান্দা গ্রামে। তিনি কোনাবাড়ী থানাধীন পারিজা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।