
পুলিশের লাঠি পেটা খেয়েও খুশি ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ওঠার যাত্রীরা।
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ ঈদুল আজহা উপলক্ষে রেলপথে প্রতিটি ট্রেনেই যাত্রীদের উপচে পড়া ভীড়। ট্রেনের বগিতে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনের ছাদেও মানুষের ভীড় পড়েছে। ট্রেনের ছাদে ভ্রমন দন্ডনীয় অপরাধ তাই পুলিশের লাঠিচার্জেও নামেনি যাত্রীরা। বরং পুলিশের লাঠি খেয়ে অনেকে হেসেও দিয়েছেন।
আজ শুক্রবার (১৪ জুন) বিকেল পাঁচটায় টঙ্গী রেলওয়ে জংশনে জামালপুরগামী জামালপুর কমিউটার ট্রেনে এই দৃশ্য দেখা যায়।

সরেজমিন জানা যায়, প্রায় এক ঘন্টা দেরীতে ঢাকা থেকে টঙ্গী পৌঁছে জামালপুর কমিউটার ট্রেন। ট্রেন স্টেশনে পৌছার সাথে সাথে হুড়াহুড়ি করে মানুষ ট্রেনে উঠা শুরু করে। ট্রেনের বগিগুলোতে তিল ধারণের জায়গা নেই। তাই মানুষ ট্রেনের ছাদে উঠতে থাকে। ট্রেনের ছাদেও জায়গা না পেয়ে ট্রেনের ইঞ্জিনের ছাদে উঠে যায় যাত্রীরা। এক পর্যায়ে রেলওয়ের পুলিশ লাঠিপেটা করলেও একজন যাত্রীও ছাদ থেকে নামেনি। বরং পুলিশের লাঠি খেয়ে অনেককে হাসতেও দেখা গেছে। কয়েক মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিলে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা উল্লাসে ফেটে পড়ে মিছিল করতে করতে চলে যায়।
ট্রেনের ইঞ্জিনের ছাদে থাকা যাত্রী রুহুল আমিন চিৎকার করে বলেন, পুলিশের লাঠি খেয়েও নামব না। বাড়ি যেতে হবেই। ঈদ বলে কথা।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা বলেন, ছাদে ভ্রমন দন্ডনীয় অপরাধ তাই আমরা যাত্রীদের ছাদ থেকে নামানোর চেষ্টা করেছি।